খেয়া-পারের তরণী

গীতাঞ্জলী

কাজী নজরুল ইসলাম

যাত্রীরা রাত্তিরে হ’তে এল খেয়া পার,

বজ্রেরি তুর্যে এ গর্জেছে কে আবার?

প্রলয়েরি আহ্বান ধ্বনিল কে বিষাণে

ঝঞ্ঝা ও ঘন দেয়া স্বনিল রে ঈশানে!

নাচে পাপ-সিন্ধুতে তুঙ্গ তরঙ্গ!

মৃত্যুর মহানিশা রুদ্র উলঙ্গ!

নিঃশেষে নিশাচর গ্রাসে মহাবিশ্বে,

ত্রাসে কাঁপে তরণীর পাপী যত নিঃস্বে!

তমসাবৃতা ঘোরা ‘কিয়ামত’ রাত্রি,

খেয়া-পারে আশা নাই ডুবিল রে যাত্রী

দমকি দমকি দেয়া হাঁকে কাঁপে দামিনী,

শিঙ্গার হুঙ্কারে থর থর যামিনী!

লঙ্ঘি এ সিন্ধুরে প্রলয়ের নৃত্যে

ওগো কার তরী ধায় নির্ভিক চিত্তে—

অবহেলি জলধির ভৈরব গর্জন

প্রলয়ের ডঙ্কার ওঙ্কার তর্জন!

পুণ্য পথের এ যে যাত্রীরা নিষ্পাপ,

ধর্মেরি বর্মে সু-রক্ষিত দিল্-সাফ!

নহে এরা শঙ্কিত বজ্র নিপাতেও

কাণ্ডারী আহ্‌মদ তরী ভরা পাথেয়!

আবুবকর উসমান উমর আলী হায়দর

দাঁড়ী যে তরণীর, নাই ওরে নাই ডর!

কাণ্ডারী এ তরীর পাকা মাঝি মাল্লা,

দাঁড়ী মুখে সারিগান— লা-শরীক আল্লাহ্!

‘শাফায়ত’-পাল-বাঁধা তরণীর মাস্তুল,

‘জান্নাত’ হ’তে ফেলে হুরী রাশ্ রাশ্ ফুল!

শিরে নত স্নেহ-আঁখি মঙ্গল-দাত্রী,

গাও জোরে সারি-গান ও-পারের যাত্রী!

বৃথা ত্রাসে প্রলয়ের সিন্ধু ও দেয়া-ভার,

ঐ হ’লো পুণ্যের যাত্রীরা খেয়া পার।

কুঞ্জিকা

১. কিয়ামত — মহাপ্রলয়। ২. আহ্‌মদ — মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম। ৩. আবুবকর — মুহাম্মদ (সা.)-এর প্রিয়তম শিষ্য, প্রথম খালিফা। ৪. উসমান — মুহাম্মদ (সা.)-এর প্রিয় শিষ্য ও জামাতা, তৃতীয় খালিফা। ৫. উমর — মুহাম্মদ (সা.)-এর প্রিয় শিষ্য, দ্বিতীয় খালিফা। ৬. আলী হায়দর — মুহাম্মদ (সা.)-এর চাচাতো ভাই ও জামাতা, চতুর্থ খালিফা। ৭. লা-শরীক আল্লাহ্ — ঈশ্বর ভিন্ন অন্য কেহ উপাস্য নাই। ৮. শাফায়ত — পরিত্রাণ। ৯. জান্নাত — স্বর্গ। ১০. হুরী — অপ্সরী।